দায়িত্ব গ্রহণের সফল ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বেলা ১১টায় এই গুরুত্বপূর্ণ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ বিশেষ সভায় গত ৬ মাসে সরকারের সার্বিক কর্মকাণ্ড, মূল সাফল্য ও অর্জনের চিত্র গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। একই সাথে আগামী দিনগুলোতে সরকারের উন্নয়ন রূপরেখা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মতবিনিময় সভায় সরকারের শীর্ষ উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকছেন—প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়াও সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। সভায় গত ছয় মাসের বিস্তারিত মূল্যায়ন ও ভবিষ্যৎ অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।