দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জুলাই শহীদ দিবসের তাৎপর্য ও বীর শহীদদের গৌরবময় অবদানের কথা তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক সামিউল আলম, ফাহিম সরকার, মোসাব্বির আর্ক, সানোয়ার হোসেন ও আশরফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা ও অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। এই আন্দোলন ও এর বীর শহীদদের অবদান জাতি চিরকাল পরম শ্রদ্ধায় স্মরণ রাখবে।
এদিকে, জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি ঘিরে বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাইয়ের বীর শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।