জীবনের হিসাব মেলাবার আগেই চিরতরে হারিয়ে গেল দুটি তাজা প্রাণ। একসঙ্গে পৃথিবীতে আসা, একসঙ্গে পথচলা শুরু করা ১৮ মাস বয়সী জমজ শিশু জুনাইরা ও তাসলিমা পাড়ি জমাল না ফেরার দেশে। মঙ্গলবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে বাড়ির পাশের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই দুই নিষ্পাপ শিশুর।
নিহত দুই শিশু ওই গ্রামের জসিম উদ্দিনের আদরের সন্তান।
পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠা বাতাস আর স্থানীয়দের বুকফাটা দীর্ঘশ্বাসে এখন ভারী কাছিয়াপুকুরিয়ার আকাশ-বাতাস। সকালের মিষ্টি রোদে উঠানে কিংবা ঘরের আশেপাশে শিশু দুটির মিষ্টি কলকাকলি আর খলখলে হাসিতে মুখরিত থাকার কথা ছিল বাড়িটি। কিন্তু নিয়তির নির্মম নিষ্ঠুরতায় সেই বাড়িটিই এখন স্তব্ধ ও শোকের সাগরে ভাসমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। খেলার ছলে সবার অগোচরে বাড়ির পাশের জলাশয়ের কাছাকাছি চলে যায় ছোট্ট জুনাইরা ও তাসলিমা। মুহূর্তের এক অসতর্কতা কেড়ে নিল দুটি জীবন। কিছু সময় পর শিশুদের দেখতে না পেয়ে শুরু হয় চারদিকে বুকফাটা আর্তনাদ ও ছোটাছুটি। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনেই মৃত বলে ঘোষণা করেন।
পৃথিবীর আলো দেখার আগেই ঝরে গেল দুটি কুঁড়ি। এই করুণ দৃশ্য পাথর হৃদয়ের মানুষকেও কাঁদাবে। জমজ দুই শিশুর এমন মর্মান্তিক অকাল প্রস্থান মানতে পারছেন না কেউ-ই। শোকে স্তব্ধ পুরো এলাকা।