বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে আগামীকাল মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই আলবিসেলেস্তেরা মুখোমুখি হচ্ছে ১২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা আলজেরিয়ার। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। শক্তির বিচারে লিওনেল মেসির দল পরিষ্কার ফেভারিট হলেও আলজেরিয়া শিবির কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নয়। বিশেষ করে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঐতিহাসিক মাইলফলকের এই ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসিকে আটকানোর জন্য আলাদা কোনো বিশেষ ট্যাকটিক্যাল ছক কষছেন না তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলজেরিয়ার বসনিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচ তাঁর রণপরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।
মেসিকে নিয়ে আলাদা ছক নেই: পেটকোভিচ বলেন, “আমি প্রতিটি খেলোয়াড় এবং প্রতিপক্ষকে সম্মান করি, তবে আমাদের নিজেদের শক্তির ওপরও আমার শতভাগ ভরসা আছে। আমি কখনোই কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়কে ম্যান-মার্কিং বা আটকানোর জন্য আলাদা ছক কষি না, আর আগামীকালও তা করব না। একজন ব্যক্তির জন্য পুরো দলকে প্রস্তুত করা অর্থহীন।”
আর্জেন্টিনার সাপ্লাই লাইন কাটার পরিকল্পনা: আলজেরিয়া বস তাঁর কৌশল ব্যাখ্যা করে বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে মেসির আশেপাশে থাকা অন্য খেলোয়াড়দের পাসিং লাইন বা বল সাপ্লাই কেটে দেওয়া, যাতে বিশ্বমানের এই খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরার সুযোগই না পায়। আমাদের একটি সুনির্দিষ্ট ‘প্ল্যান এ’ আছে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রিয়্যাক্ট করার জন্য ‘প্ল্যান বি’-ও তৈরি রাখা হয়েছে।”
বিশ্বকাপে অঘটনের পুনরাবৃত্তি চান: পেটকোভিচ অকপটে স্বীকার করেন যে তারা এই ম্যাচে ফেভারিট নন। তবে তিনি যোগ করেন, “আমরা ফেভারিট নই সত্য, তবে এই বিশ্বকাপেই আমরা বড় বড় অঘটন ঘটতে দেখেছি। আমরাও নিজেদের সেরাটা দিয়ে আগামীকাল একটা বড় চমক উপহার দিতে চাই।”