সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে ইরানের মাশহাদ শহরের ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত জানুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মহানবীকে কটূক্তি করার প্রমাণ মেলায় আদালত এই রায় দেন। এছাড়া আলাদা আরেকটি অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই তরুণীর নাম নাজমিহ আমিন। তিনি ইরানের উত্তরপূর্বাঞ্চলের মাশহাদ শহরের বাসিন্দা এবং বর্তমানে ভাকিলাবাদ কারাগারে বন্দি রয়েছেন।
মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’-এর তথ্য অনুযায়ী, খোরাসান রাজাভি প্রদেশের অপরাধ আদালতের ব্রাঞ্চ-৬ এ তার বিচারকার্য সম্পন্ন হয়। বিচার চলাকালে নাজমিহ দাবি করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে এমন কটূক্তি করেননি। তার আইনজীবীরাও আদালতকে জানান যে, তিনি মাদকাসক্ত অবস্থায় ভুলবশত বা মুখ ফসকে ওই মন্তব্য করেছিলেন। তবে আদালত তার এই দাবি প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।