চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মো. ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা মো. ইউসুফ আলীকে তল্লাশি করে তার বহন করা ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা।
আটক ইউসুফ আলী শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল লতিফ।
পরে আটক আসামি ও উদ্ধার করা এস্কাফ সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।