সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
এছাড়াও বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম হোসেন, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল রেজা, সোহাগপুর এসকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য প্রদান করেন। তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।