‘স্কাউটিং শেখায় শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘২য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’। গত রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন রংপুর-১ (১৯) আসনের সংসদ সদস্য মো: রায়হান সিরাজি।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়া উপজেলার সভাপতি মোছাঃ জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর জেলা স্কাউটসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্যাম্পুরী উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে বিপুল সংখ্যক কাব স্কাউট সদস্য ও কাব লিডারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। তাঁবু টাঙিয়ে শৃঙ্খলার সাথে তাঁবু বাস, সহশিক্ষা কার্যক্রম ও জীবনমুখী শিক্ষার প্রদর্শনের মাধ্যমে পুরো মাঠজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজকরা জানান, খুদে কাব স্কাউটদের মাঝে সুনাগরিক গুণাবলী অর্জন, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর আয়োজন করা হয়েছে।