কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে দ্রুত বিচার আইন ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মাদক কারবারিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
উপজেলার একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক দমনে এসব ব্যবস্থা গ্রহণ করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে পলাতক আসামি গাজী মোঃ শাহিন প্রকাশ শাহীন (৩০)-কে গ্রেফতার করা হয়। অন্যদিকে এসআই (নিঃ) ডি.এম.এ মজিদের দল দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্টের ১৫(৩) ধারায় পলাতক ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ এনামুল হক (৪৫)-কে গ্রেফতার করে।
মাদকবিরোধী পৃথক অভিযানে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মোঃ মাহফুজ মিয়া (৩৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া শশীদল রামচন্দ্রপুর এলাকার এক কাঁচা রাস্তা থেকে ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অপরদিকে মাধবপুর বাজারে পরিচালনা করা এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ সজিব মিয়া (২২) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, “মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।