নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে গোয়েন্দা শাখা (ডিবি)-র একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বদলগাছী থানাধীন হলুদবিহার গ্রামের সুমন নামের এক ব্যক্তি তার বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে মাদক মজুত করে অবস্থান করছে। এই সংবাদের ওপর ভিত্তি করে রাত ১০টার দিকে সুমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে সুমনের পরিহিত প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনা জড়িত থাকায় সুমন হোসেন (৩৬)-এর পাশাপাশি তাঁর দুই সহযোগী গোলাম মোস্তফা (২৮) ও আবুল কাশেম (৪৬)-কে হাতেনাতে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, আটককৃত তিনজনের বাড়িই বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।