মাগুরা জেলার শ্রীপুরে সিআইডি পরিচয়ে এক নারীকে অপহরণের চেষ্টার সময় ৭ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) দিবাগত রাতে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ ও নাকোল ক্যাম্পের একটি দল এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপরাধীদের কবল থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার এবং চক্রের ৭ সদস্যকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা ৪টি ভুয়া জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, অপহরণের কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণ চেষ্টার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জনগণের নিরাপত্তা রক্ষায় মাগুরা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।