চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সন্ন্যাসীতলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজ সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে ভোলাহাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দুষ্কৃতকারীরা অজ্ঞাত যুবকটিকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রোববার গোহালবাড়ী ইউনিয়নের ‘বীরেশ্বরপুর ইসলামিক মিডিয়া’র যুবকরা ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান। তাঁকে গোসল করিয়ে পোশাক পরিধান করানোর সময় তিনি নিজের নাম বাবুল সরদার (৩৫), বাবার নাম মোরশেদ আলী এবং ঠিকানা টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাশীনাথপুর বলে জানিয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের সিআইডির একটি সুরতহাল ও আলামত সংগ্রহ দল এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নির্দেশে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাখাওয়াত হোসেন।