বলিউডের খ্যাতনামা পরিচালক, প্রযোজক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ আবারও প্রমাণ করলেন প্রেমে বয়স কোনো বাধা নয়। দুটি বিবাহবিচ্ছেদের পর ৫৩ বছর বয়সী এই ‘গ্যাং অব ওয়াসেপুর’ খ্যাত পরিচালক এবার তাঁর চেয়ে ২০ বছরের ছোট শুভ্রা শেট্টির প্রেমে মজেছেন, যা নিয়ে বর্তমানে সিনেপাড়ায় চর্চা তুঙ্গে।
অনুরাগের প্রোডাকশন হাউসে সহ-পরিচালক হিসেবে কাজ করতে গিয়েই শুভ্রার সঙ্গে তাঁর পরিচয়। পেশাগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে ২০১৫ সালে তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয় এবং ২০১৮ সালে তা প্রকাশ্যে আসে।
বয়সের বিশাল ব্যবধানের কারণে নানা কটাক্ষ ও সমালোচনার মুখোমুখি হলেও সম্প্রতি এক যৌথ সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি। অনুরাগ জানান, শুভ্রা বিয়েতে বিশ্বাস করেন না, তবে তিনি তাঁর সঙ্গেই সুখে আছেন। বয়সের সঙ্গে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া অনুরাগ এখন শান্তিতে বাঁচতে চান এবং শুভ্রার সান্নিধ্য তাঁকে নতুন করে জীবনকে ভালোবাসতে শিখিয়েছে। শুভ্রার কথায়, আগে অনুরাগের মধ্যে মৃত্যুভয় না থাকলেও এখন তিনি বেঁচে থাকার নতুন তাগিদ পান।