মাগুরায় অটোরিকশা (অটোভ্যান) থেকে অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে ফেসবুক লাইভে প্রতিবাদ করায় মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা মো. সুমন হোসেনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের একদল সশস্ত্র কর্মী-সমর্থক সুমনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
জানা গেছে, মো. সুমন ‘আমরা জুলাই যোদ্ধা’ মাগুরা জেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ঘটনার সময় অটোভ্যানের বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায়ের দৃশ্য এক সাংবাদিক লাইভ সম্প্রচার করছিলেন। উক্ত লাইভ চলাকালে সুমন প্রকাশ্যে চাঁদা উঠানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান। ঠিক তখনই ওৎ পেতে থাকা আওয়ামী লীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে এসে সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
হামলার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। তবে শরীরে একাধিক গভীর ক্ষত ও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন।
এদিকে, প্রকাশ্য দিবালোকে একজন বীর জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার ওপর এহেন জঘন্যতম ও নৃশংস হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মাগুরা জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করেছেন।