নওগাঁ জেলায় জনগণের স্বার্থে সঠিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌঁসুলি এবং পুলিশ প্রশাসনকে সমন্বয় ও যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আজ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (পিপি/জিপি), এপিপি ও অন্যান্য প্যানেল আইনজীবীদের সঙ্গে পুলিশ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনগণের স্বার্থে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌঁসুলি এবং পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে পুলিশ ও আইন কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
মতবিনিময় সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার সুষ্ঠু তদন্ত কার্যক্রম, কেস ডকেট সময়মতো সরবরাহ, আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ এবং বিচারিক প্রক্রিয়াকে আরও গতিশীল ও ত্বরান্বিত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত পিপি ও বিজ্ঞ আইনজীবীরা মামলা পরিচালনা ও তদন্ত সংক্রান্ত বিষয়ে তাঁদের বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন। অপরদিকে পুলিশ কর্মকর্তারা আদালতে দ্রুত মামলা নিষ্পত্তিতে সরকারি কৌঁসুলিদের নিরবচ্ছিন্ন সহযোগিতার ওপর জোর দেন।
পুলিশ সুপার অ্যাডভোকেটদের মূল্যবান মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং দ্রুততম সময়ে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।