কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ভেড়ামারার পাম্প হাউস কলোনির মোঃ জালাল (৬২) ও ক্ষেমিরদিয়ার এলাকার মোঃ আনারুল (৩০) এবং কুষ্টিয়া সদরের বাড়াদি এলাকার মোঃ শাহেদ আলী (২৪), বেলঘড়িয়ার মোঃ মিশর আলী (৪৫) ও বাহিরবোয়ালদহ এলাকার মোঃ সুমন (৩২)।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান ও মেহেদী হাসান রিফাত পরিচালনাধীন মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এ ছাড়া ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক আবুল কালাম আজাদ, উপপরিদর্শক আসিফুজ্জামান ও উপপরিদর্শক ইকবাল হোসেন।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়াকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।