নওগাঁর পোরশায় অভিযান চালিয়ে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরুল ইসলাম (৫৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ ৫নং ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার সংলগ্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নোচনাহার বাজার এলাকায় মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে পোরশা থানার অফিসার ও ফোর্সের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করা হলে, তাঁর পরিহিত গেঞ্জির নিচে বিশেষ কায়দায় গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫৪ গ্রাম ওজনের এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম বর্তমানে পোরশার নোচনাহার এলাকায় বসবাস করলেও তাঁর স্থায়ী বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।