নীলফামারীর জলঢাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সংরক্ষিত নারী আসন-৩০৭-এর জাতীয় সংসদ সদস্য বিলকিস ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) উপজেলার অনির্বাণ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বিলকিস ইসলাম। তিনি বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও একটি আদর্শ শিক্ষাঙ্গন তৈরিতে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অপরিসীম। তৃণমূল পর্যায়ে শিক্ষার পরিবেশ বেগবান করতে আমরা বদ্ধপরিকর। জলঢাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও প্রশাসনিক জটিলতা সমাধানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানকে সব ধরনের অনৈতিক প্রভাব থেকে মুক্ত রেখে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।” অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংকট দ্রুত সমাধানের জন্য সমন্বিত প্রয়াসের আহ্বান জানান।
এডহক কমিটি গঠন সংক্রান্ত আলোচনা: মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ‘এডহক কমিটি’ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এবং প্রশাসনিক গতিশীলতা আনতে দ্রুততম সময়ে বিধি মোতাবেক এডহক কমিটি গঠন করা প্রয়োজন। তবে এ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের স্বজনপ্রীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় জলঢাকা উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানগণ উপস্থিত থেকে স্ব-স্ব প্রতিষ্ঠানের নানা সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন।