রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ বোতল নেশাজাতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৭ আগস্ট ২০২৬) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গঙ্গাচড়া মডেল থানাধীন আলমবিদিতর ইউনিয়নের পাইকান মৌজাস্থ বড়াইবাড়ী বাজার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বড়াইবাড়ী থেকে গঙ্গাগামী পাকা রাস্তার পাশে জনৈক মো. আশরাফুলের হার্ডওয়্যার দোকানের সামনে সন্দেহভাজন কয়েকজন অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার একটি চৌকস টিম সেখানে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স ও অফিসারদের সহায়তায় দুইজনকে হাতে-নাতে আটক করা হয়।
পরে আটককৃতদের হেফাজতে থাকা লাল-কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১০০ (একশত) বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য (ফেন্সিডিল) উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত অভিযুক্তরা হলেন—
১. মো. আজহারুল ইসলাম (৩১), পিতা-মো. আব্দুল মান্নান।
২. মো. আশরাফুল ইসলাম (২৬), পিতা-মো. মজমুল হক।
উভয়ের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার চিলাখাল (কোলকোন্দ) এলাকায়।
এ ঘটনায় জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের থানায় এনে গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৬, তারিখ: ০৭/০৮/২০২৬) রুজু করা হয়েছে বলে জানিয়েছে রংপুর জেলা পুলিশ মিডিয়া সেল। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।