সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক এক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের বাসিন্দা ও বর্তমানে শাহপরান মাজার রোড এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান (৩৬) এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন গ্রামের বাসিন্দা হেলাল আহমদ (৪৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের আবু বক্কর মার্কেটের একটি ভাড়াকৃত গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাহবুবুর রহমানকে আটক করা হয়।
পরবর্তীতে মাহবুবুরের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে সহযোগী হেলাল আহমদকে গ্রেপ্তার করা হয়। হেলালের কাছ থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ও সিলেট নগরীর বিভিন্ন স্থানে অবৈধ ইয়াবার চালান সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।