নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে আব্দুল আহাদ (২০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম ও তার বন্ধু তানভির নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। সম্প্রতি তারা জেলা পরিষদ পার্ক এলাকায় ঘুরতে গেলে একদল ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের পকেটের মানিব্যাগ থেকে টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর প্রাথমিকভাবে ভুক্তভোগীরা থানায় না গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে তা নওগাঁর পুলিশ সুপারের দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিকভাবে তিনি ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পরামর্শ দেন এবং ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে ডিবি পুলিশকে কঠোর নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনার পর পার্ক এলাকার সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই করে ঘটনায় জড়িত মো. আব্দুল আহাদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে সরাসরি শনাক্ত করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল আহাদ একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় আরও ৩টি ছিনতাই মামলা রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি সহযোগী ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলায় ছিনতাই ও চাঁদাবাজি রোধে এমন কঠোর অবস্থান বজায় থাকবে।