বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে নিজ দলের নেতৃত্ব দেওয়া এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আলোচিত লেখিকা ও মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তিনি।
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তসলিমা নাসরিন বলেন, “আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা ভুল ছিল। এটি ছিল সম্পূর্ণ গণতন্ত্রবিরোধী। দলটিকে নিষিদ্ধ করাও অগণতান্ত্রিক। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। আমি চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক।”
সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষার কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আমার মনে হয় কোনো মাদ্রাসার প্রয়োজন নেই। এগুলো শুধু জিহাদি তৈরি করে। সব মাদ্রাসাকে ধর্মনিরপেক্ষ বিদ্যালয়ে রূপান্তর করা উচিত।”
দীর্ঘ বিরতির পর কলকাতায় ফেরার সুযোগ এবং নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া রোববার কলকাতায় তার প্রত্যাবর্তন অনুষ্ঠানে কবি জয় গোস্বামীর বক্তব্যে একাংশের বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় দুঃখ প্রকাশ করে একে বাকস্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেন তসলিমা।
বাংলাদেশে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, “বিপদে থাকা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর কারণেই চিন্ময়কে মূল্য দিতে হয়েছে। আমাদের মতো অনেকেই তার পক্ষে কথা বলছি। মুক্তচিন্তার মানুষদের ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে।” (সূত্র: এনডিটিভি)