নেত্রকোনা সদর উপজেলায় নিজ বসতঘরে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ জুলাই ২০২৬) সকালে উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিম পাড়া) গ্রামের নিজ ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন রোববার ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে মাহফুলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করতেই বিছানায় সন্তানের রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে এবং আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।