গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে বর্বরোচিত হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ২১ জুন (রবিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার বিবরণ দিয়ে বলেন, আজ বিকেল আনুমানিক ৪টার কিছু পরে সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধের জেরে প্রতিপক্ষের একদল সশস্ত্র লোক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর আকস্মিক হামলা চালাতে উদ্যত হয়। এ সময় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মীমাংসা করেন। কিন্তু এর কিছু সময় পর বোনারপাড়া চৌমাথায় অবস্থানকালে যুবদলের সন্ত্রাসী মুকুল, আশরাফ ও পলাশ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গলায় ছুরিকাঘাতে সাইফুল্লাহ নিহত হন এবং সালাহউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার ঘটনা আইনের শাসন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। গণঅভ্যুত্থানের পর বিএনপির একশ্রেণির উগ্র নেতাকর্মী রাষ্ট্রীয় সম্পদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এবং ভিন্নমতাবলম্বীদের ওপর দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার এবং অস্ত্রের মহড়া প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের জানমাল বিপন্ন করা হচ্ছে, যা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: বিবৃতিতে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। সরকারের প্রথম ১০০ দিনের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সময়ে নারী-শিশু নির্যাতন, দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারের কার্যকর ভূমিকা ও নিয়ন্ত্রণের অভাব এবং ক্ষেত্রবিশেষে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
পতিত ফ্যাসিস্টদের পরিণতি বরণের হুঁশিয়ারি:
নেতৃবৃন্দ অনতিবিলম্বে গাইবান্ধার সাঘাটায় সাইফুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতার মোহে বিএনপি দেশজুড়ে যে খুন, সন্ত্রাস, দখল ও অস্ত্রের রাজনীতির মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদী আচরণ প্রদর্শন করছে, যদি তারা এসব কর্মকাণ্ডের লাগাম টেনে না ধরে, তবে অচিরেই তাদেরকেও পতিত ফ্যাসিস্টদের পরিণতি বরণ করতে হবে।