লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় বারবার সড়ক দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা রোধে সড়কে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় মোকাদ্দেস নগর সড়কে আবারও একটি দুর্ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে এক কিশোর গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় ওই কিশোর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এলাকাবাসীর অভিযোগ, মোকাদ্দেস নগর এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, সড়কের বাঁক, পর্যাপ্ত গতিরোধক ও সতর্কতামূলক সাইনবোর্ডের অভাবে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকির মধ্যে রয়েছেন।
মানববন্ধন থেকে বক্তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি, আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনার শিকার হওয়ার আগেই মোকাদ্দেস নগর সড়কে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।