খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম বাবুল আক্তার।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নগরীর জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আলভী। এ সময় মোটরসাইকেলসহ সে ইটের দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে আলভীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।