‘তেঁতুলিয়া থেকে টেকনাফ, দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পরবর্তীতে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের ভাষাশহীদ আবদুস সালাম হল, আবদুল মালেক উকিল হল, হযরত বিবি খাদিজা হল, শান্তিনিকেতন, জুলাই শহীদ স্মৃতি হল ও কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচারসহ গুম-খুন বন্ধ এবং ক্যাম্পাসে দলীয়করণ ও আওয়ামী লীগের প্রবেশের বিরুদ্ধে সোচ্চার স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি তুলে ধরা হয়: ১. শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। ২. গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। ৩. জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।
পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, “আমাদের বিচারব্যবস্থা স্বাধীন বলা হলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া দৃশ্যমান বিচার পাওয়া যায় না। শহীদ হাদি হত্যার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতা থাকলেও কেন এই বিচার ত্বরান্বিত হচ্ছে না, তা প্রশ্নবিদ্ধ।”
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, “তিন দফা দাবি কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের দাবি। স্বাধীন দেশে নাগরিক হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামতে হওয়া চরম লজ্জার। শিক্ষাপ্রতিষ্ঠানে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ও বিচারহীনতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”