২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা মিরসরাই এই সাত টি কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে। এই বছর কলেজটি থেকে মোট ৩৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ২৮৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন শিক্ষার্থী।
ফলাফল অনুযায়ী, সামগ্রিকভাবে দেশের এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক ভালো না হলেও সেই বিবেচনায় কলেজটির ফলাফল সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হওয়ায় সন্তুষ্ট নন অধ্যক্ষ আসবার উদ্দিন।
ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ আবচার উদ্দিন বলেন, “২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সমগ্র দেশেই এবার তুলনামূলক ভালো হয়নি। সেই তুলনায় আমাদের কলেজের ফলাফল ভালো বলা যায়। কিন্তু বাস্তবে এই ফলে আমরা খুশি নই। আমরা শিক্ষার্থীদের পেছনে যে পরিমাণ শ্রম দিয়েছি, সে অনুযায়ী ফলাফল পাইনি। ভবিষ্যতে শিক্ষার্থীদের গড়ে তুলতে আমরা আরও পরিশ্রমী ও যত্নবান হব।”
তিনি আরও বলেন, “আমাদের পাশাপাশি অভিভাবকেরা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আগামীতে শতভাগ পাসের ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও কলেজের অন্যতম লক্ষ্য বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, “আমরা চাই, ভালো ফলাফলের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী ভালো মানুষ হোক। তারা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখুক এবং সততা ও নৈতিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাক। এ লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিয়ে থাকি।”
কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অধ্যক্ষ আবচার উদ্দিন বলেন, “আমি প্রিয় মিরসরাইবাসীকে কথা দিচ্ছি, এই কলেজটি অতি শিগগিরই বাংলাদেশের মধ্যে একটি অনন্য কলেজ হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনাদের সন্তানদের আর পড়াশোনার জন্য শহরে পাঠাতে হবে না। শহরের সব সুযোগ-সুবিধা আমরা এখানেই নিশ্চিত করার চেষ্টা করব। আপনাদের সন্তানের জীবন গড়ার দায়িত্ব আমরা নিতে চাই।”
তিনি আরও বলেন, “সন্তান আপনাদের, মানুষ গড়ার দায়িত্ব আমাদের।”
কলেজ কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে ফলাফলের আরও উন্নতি ঘটবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
কালান্তর নিউজ | গুজবমুক্ত সত্য খবর সবার আগে।