কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে নাঈম (৫) ও আব্দুল্লাহ (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই গ্রামের নবীন চানের ছেলে এবং আব্দুল্লাহ সুরুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে পড়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর পানিতে তাদের ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।