সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, খুলনা শাখার সহকারী শিক্ষক মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানীকে জামালপুরের সরিষাবাড়ী শাখায় বদলির আদেশকে কেন্দ্র করে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বার্ষিক পরীক্ষার আগে জনপ্রিয় এই শিক্ষকের হুট করে বদলিতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা।
জানা গেছে, ২০২২ সালের ৯ মে থেকে তিনি খুলনা শাখায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৮ অক্টোবর ক্লাস শেষে তাকে তাৎক্ষণিক বদলির নোটিশ দেওয়া হয় এবং ৫ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষকের বক্তব্য:
মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানীর দাবি, তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো কারণ দর্শানোর নোটিশ (শোকজ) না দিয়েই সরাসরি বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু অনিয়মের প্রতিবাদ করায় একটি মহল তার প্রতি ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানকে ভুল তথ্য দিয়ে এই আদেশ করিয়েছে। গত বছর টিউটোরিয়াল পরীক্ষার খাতা সংক্রান্ত একটি বিষয়ে তাকে শোকজ করা হলে তিনি শিক্ষার্থীদের সাক্ষ্যসহ জবাব দিয়েছিলেন। সেই ঘটনার জের ধরেই এই বদলি হতে পারে বলে তার ধারণা।
মানববন্ধন স্থগিতের অভিযোগ:
এই বদলির প্রতিবাদে বুধবার শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনের প্রস্তুতি নিলে প্রতিষ্ঠানে পুলিশ মোতায়েন করা হয়। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য:
এ বিষয়ে খুলনা শাখার প্রিন্সিপাল মোমিনুল ইসলাম কালান্তর নিউজকে বলেন, “সংশ্লিষ্ট শিক্ষক এর আগে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়েছিলেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ রাখা হয়েছিল। কেউ মানববন্ধন করতে চায়নি, কাউকে বাধাও দেওয়া হয়নি।” তিনি জানান, বিষয়টি সমাধানে আলোচনা চলছে।