সরকারি কর্মচারীদের কাঙ্ক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন পে-স্কেলের রূপরেখা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচনী ইশতেহারের বাইরে গিয়েও জনকল্যাণমূলক নানা কাজ অব্যাহত রেখেছে।
তিনি আরও জানান, বিগত সরকারের সময়ে লোপাট হওয়া অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা মেটাতে কার্যকর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ২০২২ সালের পর থেকে জমে থাকা বকেয়া অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের সুবিধার্থে ইতিমধ্যে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও নিশ্চিত করেছিলেন যে, নবম পে-স্কেল বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে এবং যেকোনো মুহূর্তে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।