গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের উপস্থিতিতে ভোটদানের নিয়ম ও প্রক্রিয়া বিস্তারিত অবহিত করেন। এরপর সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত ব্যালট বাক্সে একে একে ভোট প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্যগণ ক্রমানুসারে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। ভোটগ্রহণ শেষে এখন ব্যালট গণনা ও আনুমানিক ফলাফল চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।