২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি আগামী ১ অক্টোবর উন্মোচন করা হবে। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) যৌথ আয়োজনে সূচি প্রকাশ করা হবে।
একই দিন শুরু হবে বিশ্বকাপের এক বছরের কাউন্টডাউন এবং দর্শকদের জন্য টিকিটের ব্যালটে নিবন্ধনও শুরু হবে।
২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।দক্ষিণ আফ্রিকার সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে জিম্বাবুয়ে ও নামিবিয়া।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। ২০১৯ ও ২০২৩ সালের আসরে ১০টি দল অংশ নিলেও এবার চারটি দল বাড়ানো হয়েছে।আয়োজক তিন দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্ব।
আয়োজক দুই দেশ বাদে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিং বিবেচনায় বর্তমানে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি খেলার অবস্থানে রয়েছে।
ফলে বাংলাদেশও ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে।অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজসহ বাকি দলগুলোকে বাছাইপর্বের মাধ্যমে মূল পর্বে জায়গা করে নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ২০১৯ বিশ্বকাপেও বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে খেলেছিল। তবে ২০২৩ বিশ্বকাপে বাছাইপর্ব পার হতে না পারায় তারা মূল পর্বে জায়গা করে নিতে পারেনি।
বদল আসছে বিশ্বকাপের ফরম্যাটে
১৪ দল নিশ্চিত হওয়ার পর র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা তিন দলকে নিয়ে হবে সুপার সিরিজ। রাউন্ড রবিন লিগে খেলার পর শীর্ষ দল পরবর্তী রাউন্ডে যাবে।এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপের পরবর্তী সেরা একটি দলসহ মোট সাত দল খেলবে সুপার সেভেন রাউন্ডে।
সুপার সেভেনে সাত দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম স্থানধারী দল চতুর্থ স্থানের দলের বিপক্ষে এবং দ্বিতীয় স্থানধারী দল তৃতীয় স্থানের দলের বিপক্ষে খেলবে। দুই সেমিফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।
এদিকে ১ অক্টোবর থেকে বিশ্বকাপের টিকিটের ব্যালটে নিবন্ধন শুরু হবে। তবে ওই দিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না, বরং টিকিট পাওয়ার জন্য ব্যালটে অংশ নিতে হবে।
সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে।১০ দলের সেই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।