দীর্ঘ ৪৫০ দিনেরও বেশি সময় পর আবারও পূর্ণাঙ্গ বহর নিয়ে চলাচল করতে যাচ্ছে জনপ্রিয় রূপসা ও সীমান্ত এক্সপ্রেস। যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ট্রেন দুটিতে যুক্ত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত নন-এসি কেবিন (ফার্স্ট ক্লাস)।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন থেকে লাগেজ ভ্যানসহ মোট ১৪টি কোচ নিয়ে চলাচল করবে রূপসা/সীমান্ত এক্সপ্রেস। নতুন কোচ সংযোজনের ফলে খুলনা-যশোর-চিলাহাটি রুটে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
দীর্ঘদিন পর নন-এসি কেবিন যুক্ত হওয়ায় স্বস্তি ফিরবে নিয়মিত যাত্রীদের মধ্যে। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণকারী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য এই সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন যাত্রীরা।
রেলফ্যান ও নিয়মিত যাত্রীদের ভাষ্য, রূপসা-সীমান্ত এক্সপ্রেস উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে ট্রেনের কোচ সংকট থাকায় অতিরিক্ত যাত্রীচাপ ও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।
নতুন বহর যুক্ত হওয়ায় সেই চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ট্রেনের সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার মান আরও উন্নত করার দাবি জানিয়েছেন নিয়মিত যাত্রীরা।
রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী চাহিদা বিবেচনায় নিয়েই ট্রেনের বহর বাড়ানো হয়েছে। নতুন কোচ সংযোজনের মাধ্যমে রূপসা-সীমান্ত এক্সপ্রেসে যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।