চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার রাতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়েছে।
বিজিবির জিজ্ঞাসাবাদে সুলতানা নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন। প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুব মহিলা লীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।