পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা শহরে এক বিশাল জশনে জুলুস (র্যালি) ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৬ (শুক্রবার) জুমার নামাজ শেষে “সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ, বাংলাদেশ” এবং “মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, বাংলাদেশ”-এর যৌথ উদ্যোগে এটি পালিত হয়।
বর্ণাঢ্য মিছিলটি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হোসেনী দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক হোসেন, উপদেষ্টা মির্জা মো: কায়সার, মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার উপদেষ্টা মির্জা নওশাদ হোসেন এবং বাংলাদেশের সচেতন সমাজ (বাসস)-এর আহ্বায়ক মো: আবু মুসলিম বিন হাই।
বক্তব্যে বিশ্বের চলমান সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে নিপীড়িত মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্ববাসীর শান্তি, মুক্তি এবং ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সাথে, বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রবিউল আউয়াল মাসকে রাষ্ট্রীয়ভাবে রাসুল (সা.)-এর পবিত্র ‘জন্মদিবসের মাস’ হিসেবে ঘোষণা করার জোরালো দাবি জানান।