সাতক্ষীরা জেলার জুলাই মাসের ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাফিউল পাঠোয়ারী।
সোমবার (১৭ আগস্ট) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন। এছাড়া অপরাধ দমন ও বিভিন্ন অভিযানে দক্ষতা প্রদর্শনের জন্য শ্যামনগর থানার এসআই আনোয়ার, এসআই সুদীপ, এএসআই নবী এবং এএসআই জাফরকে বিশেষ পুরষ্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিথুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, দ্রুত মামলা নিষ্পত্তি এবং সামাজিক সেবা বজায় রাখার সার্বিক পারফরম্যান্স বিবেচনায় শাফিউল পাঠোয়ারীকে এই শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে।