প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ পরিবর্তন আনা হয়।
এর আগে মঙ্গলবার রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান।
সেখান থেকে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে তাঁর দিকে ঝুঁকে আলিঙ্গনের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে বলে জানা গেছে। এ ঘটনার পরপরই তাঁকে ওএসডি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিভাগীয় কমিশনারের দায়িত্বে পরিবর্তনের পর যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পরে সেখান থেকে রাজশাহীতে যান। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।
কালান্তর নিউজ