বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনস্থ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন আধুনিক ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে একটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ বিল উত্থাপন করা হয়।
বিলটি উত্থাপনের প্রাথমিক পর্যায়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আপত্তি উত্থাপন করেন এবং বিস্তারিত পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় দাবি করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যুক্তি দিয়ে বলেন, “র্যাব বিলুপ্তির বিষয়টি রাজনৈতিক অঙ্গীকার ও জনপ্রত্যাশার অংশ। সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মাদকের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক এলিট ফোর্স অত্যন্ত জরুরি।” পরবর্তীতে বিলটি চার কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
খসড়া বিলে উল্লেখ করা হয়, ঢাকায় এসআরবির প্রধান কার্যালয় থাকবে এবং একজন মহাপরিচালক (ডিজি) এটি পরিচালনা করবেন। বেআইনি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও মাদক দমনের পাশাপাশি গুম, ভূমিদস্যুতা, মানবপাচার ও নারী-শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে এসআরবি প্রধান ভূমিকা পালন করবে।