ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদের বিপরীতে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৯টি উপজেলা থেকে মোট ৪ হাজার ৫১৮ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। সুষ্ঠু ও দ্রুত ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশন কেন্দ্রটিতে মোট ৪০টি বুথ স্থাপন করে।
নির্বাচনকে কেন্দ্র করে জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও ঈদের আমেজ পরিলক্ষিত হয়। প্রিয় প্রার্থীর সমর্থনে ব্যানার, বিলবোর্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ।
নির্বাচন কমিশনার ডক্টর মাহফুজার রহমান মজনু জানান, দিনব্যাপী অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজ্জামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু এবং কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমের ব্যক্তিত্ব ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বর্তমানে চলছে চূড়ান্ত ভোট গণনা ও যাচাই-বাছাইয়ের কাজ। প্রক্রিয়া শেষ হলেই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।