ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান (১৮) আর নেই। রবিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অকাল মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মেধাবী এই তরুণের অকাল প্রয়াণে তার পরিবার, স্বজন, সহপাঠী ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত রোজান ঢাকা ক্যান্টনমেন্টের ‘নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’-এর শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি তিনি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও নেতৃত্বগুণসম্পন্ন ছিলেন। টানা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তিনি নিজ ক্লাসের ‘ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এরও ক্যাডেট ক্যাপ্টেন হিসেবে সক্রিয় ছিলেন।
স্বজনরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার শেষ দিকে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন রোজান। কয়েক দিন আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় কেন্দ্রেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানান্তরিত করা হয় মিরপুরের একটি হাসপাতালে এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও রক্তে শর্করা, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত নানাবিধ জটিলতায় আক্রান্ত হয়ে রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতি শিক্ষার্থী।
তার অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন সহপাঠী ও স্বজনরা। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।