জৈন্তাপুর পৌরসভা দ্রুত বাস্তবায়ন, এলাকার সার্বিক উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও স্থানীয় কৃতী সন্তান আবুল হাসিম।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে আবুল হাসিম জৈন্তাপুর উপজেলার বর্তমান পরিস্থিতি, জনভোগান্তি এবং সম্ভাব্য উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের দাবি ‘জৈন্তাপুর পৌরসভা’ দ্রুত বাস্তবায়ন। এ সময় তিনি পৌরসভার প্রয়োজনীয়তা ও এলাকার মানুষের প্রত্যাশার কথা গুরুত্বের সঙ্গে মন্ত্রীর সামনে তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে আবুল হাসিম জানান, মন্ত্রী আরিফুল হক চৌধুরী আলোচনা গুরুত্ব সহকারে শুনেছেন এবং জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়নসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এতে সন্তোষ প্রকাশ করে আবুল হাসিম বলেন, পৌরসভা গঠিত হলে এলাকার নাগরিক সেবা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।