“মাদক ছাড়ি, খেলাধুলায় অংশ নিই”— এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মাগুরার ৫ নম্বর হাজরাপুর ইউনিয়নে শুরু হয়েছে একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ।
হাজরাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন যুবদল নেতা জহিরুল ইসলাম পিয়া। কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতা কাজী সোলাইমানের উদ্যোগ ও সহযোগিতায় স্থানীয় তরুণদের মধ্যে ফুটবল বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ৭ নম্বর ওয়ার্ডে কার্যক্রমটি শুরু হলেও পর্যায়ক্রমে তা হাজরাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে।
বর্তমানে মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শুধু তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং তাদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বাড়াতেও সাহায্য করে। স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক হাজরাপুর ইউনিয়ন গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।