দিনাজপুরের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী উপজেলা সাঁওতাল মাহিন্জি পরিষদ এবং মাইনোরিটিস রুরাল সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আদিবাসী ধাত্রীদের সম্মাননা—জীবন ও সুস্থতা রক্ষায় তাদের অবদান।”
ফুলবাড়ী উপজেলা সাঁওতাল মাহিন্জি পরিষদের সভাপতি সাহেব মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সমাজে তাদের সার্বিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মিঠুন মুর্মুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাঁওতাল সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।