খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রংপুর শহীদ প্রফুল্ল কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রংপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রফুল্ল কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি সঞ্জীব মণ্ডল, তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী অনুপম মল্লিক এবং বিদ্যালয়ের শিক্ষক মীনা বিশ্বাস, পঞ্চানন হালদার, কাকলী জোদ্দার, রিংকু সরকার, রীনা রায়, মুরারী মোহন মল্লিক ও বিপ্র হালদার উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিশিষ্ট চিত্রশিল্পী ললিত মোহন বৈরাগী বিচারকের দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় শিশুদের আঁকা বিভিন্ন ছবিতে দেশ, মাটি, মানুষ ও প্রকৃতির নানা বিষয় ফুটে ওঠে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।