গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেন যে, দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে অভিযান চালিয়ে এই জেলেদের উদ্ধার করা হয়।
পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাতে সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। সমুদ্রে অবস্থানকালে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে জেলেরা ভাসতে থাকেন। ২৪ আগস্ট সন্ধ্যায় মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে তারা ট্রলারের মালিকপক্ষকে অবহিত করেন। পরে মালিকপক্ষ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন দিলে উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড স্টেশন দুবলা।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের ট্রলারসহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।