দেশের সর্বস্তরের শাসনক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত নেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে। আমাদের বীর জনতা অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন। কিন্তু তারপরও সাধারণ মানুষের প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি। তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি রাজনৈতিক পরিবর্তনের পর এমন সব লোকদের হাতে ক্ষমতা গেছে, যারা আগের নিয়ম ও পুরানো বন্দোবস্থেই দেশ পরিচালনা করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, আগামীতে এটি আর হতে দেওয়া যাবে না। এ জন্য দেশের সর্বস্তরের ক্ষমতা পরিশুদ্ধ আত্মা ও শুদ্ধ চিন্তাধারার মানুষের হাতে নিতে হবে। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণের তৃণমূলের প্রতিটি ক্ষমতার কেন্দ্র নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি গ্রহণ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি।