দেশের সব মোটরসাইকেলের সামনের অংশেও নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিআরটিএর গণবিজ্ঞপ্তি অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আগে থেকেই অনুমোদিত ডিজিটাল নম্বরপ্লেট থাকা বাধ্যতামূলক। এবার যানবাহন শনাক্তকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করতে সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো অতিরিক্ত নকশা, সাজসজ্জা বা শোভা বর্ধনকারী উপাদান রাখা যাবে না।
নম্বরপ্লেটের নির্ধারিত মাপ হলো:
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নিবন্ধন নম্বর এক লাইনে অনুভূমিকভাবে প্রদর্শন করা যাবে।
বিআরটিএ মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বরপ্লেট লাগানোর আহ্বান জানিয়েছে।