বর্তমান সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারির আগে দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত হবে না বলে মতামত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (১ আগস্ট ২০২৬) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের স্থায়ী কমিটির এক বৈঠকে এই বিষয়ে বিশদ আলোচনা হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক সূত্র জানায়, আলোচনায় সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও তার সময়সীমা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না—সে বিষয়ে মতামত তুলে ধরেন। তবে বৈঠকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম প্রস্তাব বা চূড়ান্ত করা হয়নি।
স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন যে, রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত এখতিয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত থাকবে।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হলে স্বরাষ্ট্র বিষয়টির তদারকি ও দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সাধনের কথা পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে নীতিগত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে সরাসরি উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।