পাবনার ভাঙ্গুড়ায় গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা ও বাদ জোহর মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান।
এছাড়াও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত বীর যোদ্ধা ইমরান হোসেন ও আপেল আহমেদ সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্টের বীর শহীদ ও আহতদের অবদান স্মরণ করে বলেন, “জুলাই যোদ্ধাদের বুকের রক্ত ও অভূতপূর্ব আত্মত্যাগের কারণেই দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশের মানুষ এখন স্বাধীনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এবং স্বাধীনভাবে জীবনযাপন করছে। বাঙালি জাতি জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের এই ঐতিহাসিক অবদান চিরদিন পরম শ্রদ্ধায় স্মরণে রাখবে।”
আলোচনা সভা শেষে বাদ জোহর ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।